আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর গতকাল দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারায় আয়ারল্যান্ড। পরের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৩১ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। আজ ব্লুমফন্টেইনে ভারতের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।
এছাড়া একই সময়ে অল-ইউরোপিয়ান লড়াইয়ে ইংল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে, অল-এশিয়ান লড়াইয়ে মুখোমুখি আফগানিস্তান-পাকিস্তান। যদিও আজ আলোচনায় ভারত-বাংলাদেশ ম্যাচ। সর্বশেষ এশিয়া কাপে শিরোপা জয়ের পথে ভারতকে হারিয়েছে মাহফুজুল হক রাব্বীর দল। ভারত চাইবে সেই হারের প্রতিশোধ নিতে, আর বাংলাদেশও প্রতিবেশী দেশের যুবাদের হারিয়ে শুভসূচনা করতে চায়।
গতকাল উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪০.২ ওভারে ১০৫ রানে অলআউট করে দেয় আইরিশ যুবারা। রিউবেন উইলসন ও অলিভার রিলি তিনটি করে ও জন ম্যাকনেলি দুটি উইকেট নেন। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন খুশ ভালালা। পরে মাত্র ২২.৫ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় তারা ৩ উইকেট হারিয়ে। রায়ান হান্টার ৬৩ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। কিয়ান হিলটন ও ফিলিপ্পাস লে রোক্স উভয়ই করেন সমান ২৩ রান। আরিয়া গার্গ ৩১ রানে দুটি উইকেট নেন।
সোমবার নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সর্বোচ্চ ৫ বার (২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২) শিরোপা জিতে সফলতম দলও তারা। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ২০২০ সালে। সেবার ফাইনালে ভারতকে হারায় বাংলাদেশ।










