বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে আরো সাতজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টার মধ্যে মৃত্যু হয় তাদের। এর মধ্যে একজনের করোনা পজেটিভ ও অন্য ছয়জনের রিপোর্টের অপেক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে বেলা ২টা পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে রেকর্ড সংখ্যক ১৬৫ জন রোগী। অন্যদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে করোনা শনাক্তের হার ৫৩ ভাগ অতিক্রম করেছে।
হাসপাতালের করোনা তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সাতজন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের করোনা পজেটিভ। অন্য ছয়জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো হাতে পায়নি কর্তৃপক্ষ।
গত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৪২ জন রোগী। চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৯৩ জনের মধ্যে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ৩৬ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৭৯ ভাগ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ৪৫ দশমিক ২৬ ভাগ।
একই সময়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং বরিশাল জেলায় একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে বিভাগে করোনায় মোট মৃত্যু ৩১২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।










