ঈদের আর মাত্র বাকি কয়েক দিন। রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। এজন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এজন্য বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়েছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত রোববার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৯ হাজার ৭৮০টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৫০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১৪ হাজার ৬৯৪টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ১৫০ টাকা। সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার হয়েছে ২ হাজার ৭১০টি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনে সেতুর দুই অংশে নয়টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের জন্য স্থাপন করা হয়েছে চারটি বুথ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এখন পর্যন্ত কোথাও যানজট সৃষ্টি হয়নি। স্বাভা‌বিক গ‌তিতে প‌রিবহন চলাচল করছে। প‌রিবহন চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দা‌য়িত্ব পালন করছেন।