দক্ষিণ এশিয়ার হিসাববিদদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশী হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ‘সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ শীর্ষক সম্মেলনটি আগামী ১৭ জানুয়ারি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে। সাফা হচ্ছে দক্ষিণ এশিয়া ভিত্তিক হিসাববিদদের আঞ্চলিক সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অন অ্যাকাউন্ট্যান্টসের সংক্ষিপ্ত রূপ।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আইসিএবি জানায়, ‘পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ’ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ শতাধিক পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ ও চিন্তক অংশ নেবেন। সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বণিক বার্তা।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে আইসিএবির সভাপতি এন কে এ মবিন। এ সময় আরো কথা বলেন সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফরহাদ হোসেন, আইসিএবির সহসভাপতি মো. রোকনুজ্জামান, কাউন্সিল সদস্য জেরীন মাহমুদ হোসেন ও মুহাম্মদ এমরান হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বসু এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহবুব আহমেদ সিদ্দিকী।
মুহাম্মদ ফরহাদ হোসেন বলেন, এ সম্মেলনের লক্ষ্য আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করা এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর পাশাপাশি এ পেশার প্রতি জনগণের আস্থা আরো সুদৃঢ় করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সম্মেলনটি উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
ঢাকায় অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রথমবারের মতো অংশ নেবেন হিসাববিদদের বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (আইএফএসি) সভাপতি জ্যঁ বুকো। সম্মেলনে মোট তিনটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে ‘প্রফেশনাল ল্যান্ডস্কেপ: রিশেপড বাই এথিক্স অ্যান্ড টেকনোলজি’ শিরোনামে। যেখানে যেখানে হিসাব ও নিরীক্ষায় উদীয়মান প্রযুক্তির সঙ্গে নৈতিক কাঠামোর সংযুক্তি নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে ‘বিয়ন্ড নাম্বারস: দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস ইভলভিং রোল’ শিরোনামে। এ অধিবেশনে শাসনব্যবস্থা, কৌশল এবং টেকসই মূল্য সৃষ্টিতে হিসাববিদদের বিস্তৃত ভূমিকা তুলে ধরা হবে। ‘ফ্রেমওয়ার্ক টু আউটকাম: সাসটেইনেবিলিটি অ্যাশিউরেন্স’ শিরোনামে অনুষ্ঠেয় তৃতীয় কারিগরি অধিবেশনে মানদণ্ড, চর্চা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে।
অনুষ্ঠান চলাকালে দক্ষিণ এশিয়া ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। আইসিএবির সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির ২০২৬ সালের জন্য সাফার সভাপতি ও সিওও মাহবুব আহমেদ সিদ্দিকী সাফার নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসাইন ভূঁইয়া।










