বাগেরহাটের কচুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ হয়ে শেফালী বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে ৩০ জানুয়ারি গভীর রাতে ওই নারীর শরীরে আগুন দেয় দুর্বৃত্তরা। ওইদিন রাতেই বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয় শেফালী বেগমকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৩১ জানুয়ারি বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান তিনি। শেফালী বেগম কচুয়া উপজেলার পানবাড়িয়া গ্রামের মৃত বেল্লাল মোল্লার স্ত্রী।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, খবর পেয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করি, দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।