চুয়াডাঙ্গার দর্শনায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি আখবোঝাই ট্রলিতে যাত্রীবাহী একটি থ্রি-হুইলারের ধাক্কা লেগেছে। গতকাল শনিবার পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনায় এক বৃদ্ধ মারা গেছেন, এছাড়াও আহত হয়েছেন পাঁচজন।
নিহত নজির আহাম্মদ (৭০) দর্শনা পৌর এলাকার পরানপুরের মরহুম মোবারক মন্ডলের জ্যেষ্ঠ ছেলে ও দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি আওয়াল হোসেনের বড় ভাই।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল জানান, শনিবার দুপুরে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের একটি আখবোঝাই ট্রলি চাকা বিকল হয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এদিন রাত পৌনে ৯টার দিকে নজির আহাম্মদ সপরিবারে চুয়াডাঙ্গায় অসুস্থ্য মেয়েকে দেখে অন্যান্য যাত্রীদের সঙ্গে থ্রি হুইলার (সিএনজি) যোগে দর্শনায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছে থ্রি হুইলার চালক সুজন বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির তীব্র সাদা আলোয় সামনে দাঁড়িয়ে থাকা আখবোঝাই ট্রলি দেখতে না পেরে সরাসরি পিছন থেকে আঘাত করে। এ সময় থ্রি হুইলারের সামনে বাম দিকে বসে থাকা নজির আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান।
ওই সংঘর্ষে নজির আহাম্মদের স্ত্রী জাহানারা খাতুন (৬২), দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের মিজানুর রহমানের ছেলে থ্রি হুইলার চালক সুজন (২৫), ১৭ মাস বয়সী নাহিদুলও তার মা নাস্তিপুর গ্রামের এরশাদের স্ত্রী নাজিরা (৩৫) এবং রামনগর গ্রামের চানমিয়ার স্ত্রী শাহানা (৪০) মারাত্মকভাবে আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।









