দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আজ সোমবার ভোরে মতিহারা বাজারের পাশে ঘোড়াঘাট-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত হেলপারের নাম মিতুল হালদার (২৩)। তিনি যশোর জেলার বাঘাবাড়া থানার আলাদিপুর গ্রামের ইব্রাহিম হালদারের ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আজ ভোর ৪টার দিকে উপজেলার মতিহারা বাজারের পাশে ঘোড়াঘাট-দিনাজপুর সড়কে একটি সারবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পেছন দিক থেকে আসা দিনাজপুরগামী একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে দাড়িয়ে থাকা ট্রাকটি মালামালসহ সড়কের পাশে খাদে পড়ে যায়। আর অন্য ট্রাকটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। এতে করে ওই ট্রাকের হেলপার গুরুত্বর আহত অবস্থায় ট্রাকের মধ্যে আটকা পড়ে। এসময় ট্রাকের চালক পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে ট্রাকের ভেতর থেকে মিতুল হালদারের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে হবে বলে জানান তিনি।