পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় স্বার্থে চব্বিশের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, দেশ গড়তে সবাইকে একই ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়। এ আন্দোলনে ছাত্রজনতা, কৃষক-শ্রমিক, রিকশাওয়ালাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল।
বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেয়া হবে না বলেও জানান তিনি।
বিরোধী দলের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পার্লামেন্টে এক আচরণ বাইরে ভিন্নরূপ- এ নীতি পরিহার করতে হবে। অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া, ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার ব্যাপারে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানান মন্ত্রী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রধান বক্তা হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।










