বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে টেকসই রাখতে রফতানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘বিশ্ব প্রতিযোগিতার যুগে রফতানিমুখী অর্থনীতি ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়। এক্ষেত্রে একটি খাতের ওপর নির্ভর করে থাকা যাবে না। বৈশ্বিক বাজারে আমরা বিভিন্ন ধরনের পণ্য রফতানি করলেও একটির বাইরে বাকি খাতগুলোর অবদান খুবই নগণ্য। দেশের স্থায়ী প্রবৃদ্ধির জন্য রফতানি বৃদ্ধি ও বৈচিত্র্যায়ণের কোনো বিকল্প নেই।’
গতাকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর। রফতানি খাতে অসামান্য অবদান রাখায় চারটি শ্রেণীতে চারটি প্রতিষ্ঠানকে ‘এক্সপোর্টার অব দ্য ইয়ার’ সম্মাননা জানায় দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় ও ব্রিটিশ হাইকমিশন ঢাকার সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পোশাক খাতের জন্য এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ফ্লামিংগো ফ্যাশনস লিমিটেড। বছরে রফতানি আয় ১০ কোটি ডলারের বেশি শ্রেণীতে ডিবিএল গ্রুপের এ প্রতিষ্ঠানকে পুরস্কারটি দেয়া হয়। রফতানি আয় বছরে ৫ কোটি ডলারের বেশি শ্রেণীতে পুরস্কার পেয়েছে তৈরি পোশাক শিল্প ব্যাকওয়ার্ড লিংকেজ প্রতিষ্ঠান এনজেড টেক্স গ্রুপ। বার্ষিক ১ কোটি ডলারের বেশি রফতানি আয় শ্রেণীতে পুরস্কার পেয়েছে অসানতন ও উদীয়মান (উৎপাদন) ক্ষেত্রের প্রতিষ্ঠান জনতা জুট মিলস লিমিটেড অ্যান্ড সাদাত জুট ইন্ডাস্ট্রিজ। এছাড়া বার্ষিক ৫০ লাখ ডলার রফতানি আয় শ্রেণীতে পুরস্কার পেয়েছে অসানতন ও উদীয়মান (সেবা) খাতের প্রতিষ্ঠান উল্কাসেমি প্রাইভেট লিমিটেড।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘বাংলাদেশ এগোচ্ছে, তবে আমাদের সামর্থ্য আরো অনেক বেশি। রফতানি পণ্যে বৈচিত্র্য শুরু হতে হবে দেশের সবচেয়ে বড় রফতানি খাত তৈরি পোশাক শিল্প (আরএমজি) থেকে। এ খাতের উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজার বোঝেন, তাই তাদের অভিজ্ঞতা নতুন খাতে বিনিয়োগে সবচেয়ে কার্যকর হবে। আরএমজি ও অন্যান্য খাতে প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের উচিত হবে নতুন সুযোগ অনুসন্ধান ও খাতে প্রবেশ করা। আমাদের অবারিত সুযোগ আছে, সেগুলো আমাদের কাজে লাগাতে হবে।’
গভর্নর বলেন, ‘একটা কথা প্রচলিত আছে যে রফতানি করো, নইলে পিছিয়ে পড়ো। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে রফতানি শক্তি ছাড়া স্থায়ী প্রবৃদ্ধি সম্ভব নয়। আমাদের জীবনমান ধরে রাখতে চাইলে, মুদ্রা স্থিতিশীল রাখতে চাইলে, শক্তিশালী ও টেকসই বৈদেশিক লেনদেন বজায় রাখতে চাইলে রফতানিই আমাদের অপরিহার্য পথ। পূর্ব এশিয়ার যেসব দেশ জীবনমান, প্রযুক্তি ও বৈশ্বিক প্রতিযোগিতায় বড় সফলতা দেখিয়েছে, তারা সবাই রফতানির ওপর ভর করেই এগিয়েছে। আর এ যাত্রার কেন্দ্রে সরকার নয়, বরং বেসরকারি খাতই অগ্রগামী ভূমিকা পালন করেছে। এমনকি রাজনৈতিক কাঠামো সম্পূর্ণ আলাদা সমাজতান্ত্রিক চীনের মতো দেশেও বেসরকারি উদ্যোগই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রফতানির সবচেয়ে বড় চালিকাশক্তি। তাই নীতিনির্ধারক হিসেবে আমাদের দায়িত্ব বেসরকারি খাতকে শক্তিশালী করা, রফতানিকারকদের সমর্থন দেয়া এবং এমন পরিবেশ তৈরি করা যাতে বেসরকারি খাত বিস্তার, উদ্ভাবন ও প্রতিযোগিতায় আরো এগিয়ে যেতে পারে।’
উদ্যোক্তা, শিল্পনেতা ও তরুণ প্রজন্মকে দেশের রফতানি ভিত্তি প্রসারিত করার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ১০ হাজারের বেশি পণ্য রফতানি করে, কিন্তু অধিকাংশ পণ্যের আয় এখনো খুব ছোট। অথচ প্রত্যেকটি খাতেরই বড় হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা সে সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। উদ্যোক্তা, শিল্পনেতা ও তরুণ প্রজন্মকে বলব, রফতানি খাতকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এর ভিত্তিকে প্রসারিত করুন। বাংলাদেশকে এমন স্তরে নিয়ে যান, যা দেখে বিশ্বের অন্যরা অনুপ্রাণিত হবে। প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও বিশ্ববাজারে দ্রুত প্রবেশাধিকার বাড়াতে বিদেশী বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য আমাদের বিদেশী বিনিয়োগ আকর্ষণে আরো মনোযোগী হতে হবে। এর ফলে বাংলাদেশ বহুমুখী অর্থনীতিতে পরিণত হতে পারে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘বৈশ্বিক মূল্যস্ফীতি, সাপ্লাই চেইনে ব্যাঘাত, শুল্কনীতির পরিবর্তনসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের রফতানিকারকরা যথেষ্ট স্থিতিশীলতা দেখিয়েছেন। বর্তমানে আমাদের প্রায় ৫৬ বিলিয়নের রফতানি আয় শুধু গতানুগতিক প্রবৃদ্ধি নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন খাতগুলোর ধারাবাহিক উত্থানকেও প্রতিফলিত করছে। শুধু একক পণ্য রফতানি নয়, বহু খাতের যৌথ প্রচেষ্টাই এখন জাতীয় সাফল্যের ভিত্তি।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভূরাজনৈতিক পুনর্গঠন, নতুন কমপ্লায়েন্স মানদণ্ড ও ডিজিটাল রূপান্তর বিশ্ব বাণিজ্যকে নতুনভাবে তৈরি করছে। তাই বৈশ্বিক ভ্যালু চেইনে আরো শক্ত অবস্থান তৈরি করতে এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ প্রতিযোগিতা, কমপ্লায়েন্স, পণ্যের বহুমুখীকরণ এবং ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিচ্ছে।’
অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক বলেন, ‘দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য বাংলাদেশের উন্নয়নের অংশীদার। অর্থনীতি, ফ্যাশন, শিক্ষা, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং একসঙ্গে বেড়ে উঠেছে। বাংলাদেশের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে যুক্তরাজ্য একসঙ্গে কাজ করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা পরিবেশের উন্নতি ও নিয়ন্ত্রক জটিলতা কমাতে আমরা এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছি। যুক্তরাজ্যের রাজস্ব ও শুল্ক কর্তৃপক্ষ সম্প্রতি বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে কাস্টমস আধুনিকায়নের জন্য একটি চুক্তি করেছে। এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। টেকসই অর্থায়ন ও বাণিজ্য সুবিধা নিশ্চিকতকরণে যুক্তরাজ্যের এ রকম বিভিন্ন সহযোগিতা ও অংশীদারত্ব বাংলাদেশের ব্যবসাকে বৈশ্বিক বাজারের সঙ্গে আরো শক্তভাবে সংযুক্ত করতে সাহায্য করছে। আমরা আমাদের দীর্ঘদিনের অংশীদারত্বকে বিশেষভাবে মূল্য দিই।’
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, ‘২০০৫-১৫ সালে আমাদের রফতানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে তিন গুণ করে। কিন্তু ২০১৫-২৫ সময়ের রফতানি প্রবৃদ্ধির হার দেড় গুণ মাত্র। দেড় গুণ প্রবৃদ্ধির এ ধারা চলতে থাকলে ২০৩০ সালে আমাদের রফতানির আকার দাঁড়াবে ৭৫ বিলিয়নে, আর দ্বিগুণ করে হলে তা দাঁড়াবে ১০০ বিলিয়নে। তাই আমাদের রফতানির বাজার বড় করতে সঠিক লক্ষ্য ও উদ্যোগ নেয়ার এখনই সময়। এ জন্য প্রতিযোগিতামূলক বাজার সুবিধা, সঠিক রফতানি গন্তব্য ঠিক করা ও বাণিজ্য কূটনীতির দিকে জোর দিতে হবে। বিশ্ববাজারের বহুমুখীকরণ, বিদ্যমান ও আসন্ন প্রেফারেন্সিয়াল ট্রেড চুক্তির সাফল্য অর্জন করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ‘সাসটেইনিং হাই পারফরম্যান্স’ বিষয়ে বিশেষ বক্তব্য দেন যুক্তরাজ্যভিত্তিক মানসিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘কগনাসিটি’র পারফরম্যান্স অ্যান্ড ওয়েলবিং সাইকোলজিস্ট জেইক লাভলক। এতে দেশের বিভিন্ন শিল্প খাতের উদ্যোক্তা, ব্যাংকের নির্বাহীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।










