আমদানি বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানীকৃত কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৩০-৪০ টাকা করে। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ১১০-১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক হারুন উর রশীদ বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরেই ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে কাঁচামরিচ উঠতে শুরু করায় ও আমদানীকৃত কাঁচামরিচের চাহিদা কিছুটা কমে যাওয়ায় দাম কমতে থাকে।
লোকসানের আশঙ্কায় আমদানিকারকরা বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি খানিকটা কমিয়ে দিয়েছিলেন। বর্তমানে আবারো দেশের বাজারে কাঁচামরিচের বাড়তি চাহিদা ও দাম কমায় আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। গত শনিবার বন্দর দিয়ে ২২টি ট্রাকে ২২০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে, যেখানে বৃহস্পতিবার বন্দর দিয়ে ১৩টি ট্রাকে ১২৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছিল। দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বাড়ার কারণে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে।









