লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি না করায় খেলা বন্ধ করতে নিজ উদ্যোগে মাইক ভাড়া করে গ্রামজুড়ে ‘১৪৪ ধারা জারি’ করা হয়েছে বলে প্রচার করেছেন স্থানীয় এক ছাত্রদল নেতা। পরে আয়োজকেরা ফাইনাল ম্যাচটি স্থগিত করেন। শুক্রবার (২১ আগস্ট) উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মারুফ আলী একই গ্রামের বাসিন্দা এবং লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফ আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। রোববার (২৩ আগস্ট) দুপুরে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজনের যৌথ স্বাক্ষরে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেশবপুর গ্রামে প্রায় ৬০ বছর ধরে প্রতিবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়ে আসছে। গ্রামের কলেজ, উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিজীবীদের দল এতে অংশ নেয়। এবারও ১৫ দিন আগে টুর্নামেন্ট শুরু হয়। শুক্রবার ছিল ফাইনাল ম্যাচ।
আয়োজকেরা জানান, খেলার আয়োজন থেকে শুরু করে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিভিন্ন পর্যায়ের অতিথি হিসেবে গ্রামের প্রবীণ ব্যক্তিদের রাখা হয়। তারাই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার আয়োজনে ছাত্রদল নেতা মারুফ আলীকে অতিথি করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বেলা ১১টার দিকে তিনি নিজ উদ্যোগে মাইক ভাড়া করে গ্রামজুড়ে মাইকিং করেন। এ সময় খেলার মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সেখানে কেউ খেলতে পারবে না বলে প্রচার করেন। পরে সাধারণ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঐতিহ্যবাহী ফাইনাল খেলাটি পণ্ড হয়ে যায়।
গ্রামপ্রধান ও প্রবীণ ব্যক্তি আজিজুর রহমান ও আবুল কালাম আজাদ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া কেউ ১৪৪ ধারা জারি করতে পারেন না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তবে এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মারুফ আলী কোনো মন্তব্য করেননি।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনার পর রোববার (২৩ আগস্ট) নাটোর জেলা ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নাটোর জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, নাটোর জেলা শাখার অধীন লালপুর উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন মো. মারুফ আলীর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৩ আগস্ট ২০২৬ থেকে ২৪ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আলাইপুরস্থ নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।










