সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে গতকাল এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন ডাকা হয়ে থাকে। সাধারণত বছরের এ সময়ে ডাকা অধিবেশন খুব একটা দীর্ঘ হয় না, সপ্তাহখানেক চলে। তবে এবারের অধিবেশন কতদিন চলবে, সেটি এখনো চূড়ান্ত নয়। অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তা চূড়ান্ত করা হবে।

সবশেষ দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে ১৫ জুলাই। গত ৭ জুন শুরু হওয়া ওই অধিবেশন চলে ২৬ কার্যদিবস। ১১ জুন সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়, যা পাস হয় ৩০ জুন। বাজেটের ওপর সাধারণ আলোচনা হয় ১৪ কার্যদিবস। ওই অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে।

কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ৭১৫টি নোটিস জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা হয়। ৭১(ক) বিধিতে ২ মিনিটের ১২৫টি নোটিসের ওপর আলোচনা হয়। ১৩১ বিধিতে চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর উত্তর দেয়ার জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠন করা হয়। কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এরই মধ্যে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় এ পদের কার্যভারের দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ২০ আগস্ট রাখা হয়েছে ভোটের আয়োজন। আর এতে ভোট দেবেন সংসদ সদস্যরা।