ফরিদপুর শহরের চকবাজার এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। হত্যাকান্ডের সাথে জড়িত ২ জনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহতের নাম মিজানুর রহমান বাচ্চু (৪৮)। তিনি শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাটা এলাকার রমজান আলী খান এর ছেলে।
হত্যাকারী সন্দেহে আটক দুজন হলো মো. শরীফ হোসেন (১৮) ও মো. হাবিবুর রহমান হাবিব (১৮)।
নিহত বাচ্চুর ভাগিনা মো. আরাফাত জানান, মামা এশার নামায পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক মামাকে ছুরি দিয়ে উপর্যপুরি কুপিয়ে আহত করে। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এসে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়। তিনি আরো জানান, মামার সাথে আগে এই যুবকদের কথা কাটাকাটি হয়েছিল, তার প্রতিশোধ নিতেই মামাকে কুপিয়ে হত্যা করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারী দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে এ হামলার সাথে তিনজন জড়িত ছিল। তিনি জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রোববার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।










