স্বরূপে অস্ট্রেলিয়া। পার্থ স্টেডিয়ামে গতকাল শ্রীলংকার ছুড়ে দেয়া ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় উইকেট পতনের পর অজিদের প্রয়োজন ছিল ৪৬ বলে ৬৯ রান। এ সময় লংকানরাও আশায় বুক বাঁধে। যদিও অল্প সময় পরই মার্কাস স্টয়নিস-ঝড়ে লণ্ডভণ্ড শ্রীলংকা। খুনে ব্যাটিংয়ে মাত্র ১৭ বলে তুলে নিলেন ফিফটি, যা টি২০-তে অস্ট্রেলিয়ার দ্রুততম। চতুর্থ উইকেটে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে সঙ্গে নিয়ে মাত্র ২৫ বলে তুললেন ৬৯ রান! তাতে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।
ডানহাতি ব্যাটার স্টয়নিস ১৮ বলে চারটি বাউন্ডারি ও ছয়টি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থেকে ম্যাচের চিত্রনাট্য লিখে দিলেন প্রায় একাই। তার সঙ্গে অধিনায়ক ফিঞ্চ ৪২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ম্যাক্সওয়েল ১২ বলে ২৩ ও মিচেল মার্শ ১৭ বলে ১৮ রান করে জয়ে অবদান রাখেন। এর আগে দলীয় ৬ রানেই কুশল মেন্ডিসকে হারানো শ্রীলংকা ১৫৭ রানের পুঁজি পায় পাথুম নিশাঙ্কা (৪০), চারিথ আসালঙ্কা (৩৮*) ও ধনঞ্জয়া ডি সিলভার (২৬) ব্যাটে ভর করে। যদিও ১৫৮ রানের টার্গেট জিততে মরিয়া অজিদের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। টি২০-তে ২৬ বারের মুখোমুখিতে এটা অস্ট্রেলিয়ার ১৫তম জয়, শ্রীলংকা জিতেছে ১০টি।
দ্রুততম ফিফটির রেকর্ড গড়া স্টয়নিস জয় শেষে বলেছেন, সত্য বলতে কী, আজ নিজের মাঠে খেলছি বলে আমি কিছুটা নার্ভাস ছিলাম, কেননা এখানে আমার পরিবারের সদস্য ছাড়াও বন্ধুরা ছিল। আমি অনেক খুশি যে, শেষ পর্যন্ত দারুণ সমাপ্তি টানতে পেরেছি আমরা। এ ম্যাচটি জিতে এখন আমরা মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে আছি। তারা (ইংল্যান্ড) খুবই ভালো খেলছে, কাজেই আমাদের কিছু হোমওয়ার্ক করতে হবে।
গ্রুপ ‘ওয়ান’-এ নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানের বিশাল ব্যবধানে হেরে নিট রান রেটে পিছিয়ে পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গতকাল তাই ভালো ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে নেয়ার লক্ষ্য ছিল অজিদের। স্টয়নিসের বিস্ফোরক ব্যাটিংয়ে এ লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে তাদের।
এ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার নিট রানরেট ছিল (-) ৪.৪৫০, এখন যা বেড়ে দাঁড়িয়েছে (-) ১.৫৫৫। শ্রীলংকার নিট রানরেট ছিল (+) ২.৪৬৭, যা এখন নেমে হয়েছে (+) ০.৪৫০। টেবিলের এক ও দুইয়ে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড (+৪.৪৫০) ও ইংল্যান্ড (+০.৬২০)। তার পরই শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। আফগানিস্তান ও আয়ারল্যান্ড পয়েন্টশূন্য।
আজ গ্রুপ ‘ওয়ান’-এর দুটি ম্যাচ। সকাল ১০টায় মুখোমুখি হবে প্রতিবেশী দেশ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড, বেলা ২টায় নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান। ইংল্যান্ড প্রথম ম্যাচে আফগানিস্তানকে, নিউজিল্যান্ড প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ও শ্রীলংকা প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারায়।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ২০ ওভারে ১৫৭/৬ (পাথুম ৪০, চারিথ ৩৮*, ধনঞ্জয়া ২৬, করুনারত্নে ১৪*; ম্যাক্সওয়েল ১/৫, স্টার্ক ১/২৩)। অস্ট্রেলিয়া: ১৬.৩ ওভারে ১৫৮/৩ (স্টয়নিস ৫৯*, ফিঞ্চ ৩১*, ম্যাক্সওয়েল ২৩, ধনঞ্জয়া ১/১৮, চামিকা ১/২১, থিকসানা ১/২৩)। ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)।










