মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলার ষোলঘর নতুন বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভাঙ্গামুখী প্রচেষ্টা পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রী ছাউনির কাছাকাছি পৌঁছলে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। যাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে যান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুড়ে যাওয়া বাসটিকে একপাশে সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

বাসের যাত্রী স্বপন মিয়া (৪৫) বলেন, ‌‘ইঞ্জিন কভারে ধোঁয়া দেখে যাত্রীরা চালককে বাস থামাতে বলেন, কিন্তু তিনি গ্রাহ্য করেননি।’