জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কথা বলবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামপন্থী দলের সমন্বয়ে গঠিত জোটে যোগ দিয়েছে এনসিপি। জোটের বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আসন্ন নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবং আধিপত্যবাদী কোনো শক্তি যাতে আমাদের গণ-অভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্যই এই বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই প্রেক্ষাপট থেকেই আমরা জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আটটি দলের সঙ্গে আলোচনা করেছি। তাদের নির্বাচনী সমঝোতায় এনসিপি একমত পোষণ করেছে এবং আমরা একত্রে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’