গণভোটের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ‘‌হ্যাঁ’ ভোটের মাধ্যমে সেই জুলাই সনদ কার্যকর হবে।

শনিবার (২৪ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ উপলক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গত তিনটি নির্বাচনে জনগণ প্রকৃত অর্থে ভোট দেয়ার সুযোগ পায়নি। বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা কেমন হবে, এবারের গণভোটে তা জনগণের মতামতের ভিত্তিতেই নির্ধারিত হবে। এখানে নিরপেক্ষতার কোনো জায়গা নেই। যারা জুলাই সনদের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে এবং শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল—তারা গণভোটে ‘‌হ্যাঁ’ ভোট দেবেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা