সিলেটে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়ে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত সন্ধ্যায় পেলেন দারুণ এক সুখবর। আসন্ন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি২০ দলকেও তিনি নেতৃত্ব দেবেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়ার গৌরব অর্জন করতে চলেছেন তিনি। এ দুই সিরিজে তার ডেপুটি হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ।
যদিও ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা তার আগেই হয়ে গেছে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তিনি প্রথম নেতৃত্ব দেন। এরপর বিশ্বকাপেও সাকিবের অনুপস্থিতিতে কিছু ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন তিনি।
গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে সাকিব আল হাসানের চোটে শেষ ম্যাচের জন্য ডাক পাওয়া এনামুল হক বিজয় নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছেন। এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন। অনূর্ধ্ব-১৯ দলের বামহাতি স্পিনার রাকিবুল হাসান ও লেগস্পিনার রিশাদ হোসেন প্রথমবারের মতো স্থান পেয়েছেন ওয়ানডে দলে।










