জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি অর্থায়নে দেশের ৪ হাজার ৫৯টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ভবন নির্মাণ করা হয়নি। আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন।

যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ১১তম দিনের এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন মোট ২৪ হাজার ৩২০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৯টি প্রতিষ্ঠানে এখনো সরকারি অর্থায়নে ভবন নির্মাণ হয়নি।

তিনি আরো বলেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধাপে ধাপে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

প্রতি সংসদীয় আসনে ভবন নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, চলতি অর্থবছরে প্রতি সংসদীয় আসনে একটি করে স্কুল, একটি কলেজ ও একটি বেসরকারি মাদ্রাসা বা বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কোনো নির্দিষ্ট উপজেলায় একসঙ্গে একাধিক ভবন নির্মাণের সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

আজ সকালে স্পিকারের সভাপতিত্বে সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।