ঋণখেলাপি মামলায় চট্টগ্রামভিত্তিক ইস্পাতপণ্য উৎপাদনকারী আরএসআরএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মডার্ন স্টিলের চেয়ারম্যান ও পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাকসুদুর রহমানকে চট্টগ্রাম এবং পরিচালক মো. আলাউদ্দিনকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। উভয় আসামিকে গ্রেফতারের পর আদালতে নেয়া হলে তাদের জেলহাজতে পাঠিয়েছেন চট্টগ্রাম ও ঢাকার আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি আরএসআরএম গ্রুপের চার কর্ণধারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছিলেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। সশরীরে শুনানিতে উপস্থিত হতে কয়েক দফায় ব্যর্থ হওয়ায় বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। মডার্ন স্টিলের নামে নেয়া ১৮৮ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় এ আদেশ দিয়েছিলেন আদালত।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. আখতারুজ্জামান বণিক বার্তাকে বলেন, ‘আরএসআরএম গ্রুপের চেয়ারম্যান মাকসুদুর রহমানকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
যদিও মামলার শুনানিতে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, ২০২৩ সালের ১৬ জুলাই বাদী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ার পর ৩১ জুলাই বিবাদীরা আদালতে হাজির হন। গত ২৭ নভেম্বর মিজানুর রহমান ও মাকসুদুর রহমান উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। গত ১৪ জানুয়ারি এ বিষয়ে শুনানির আবেদন করলে ১৭ জানুয়ারি শুনানি ধার্য করা হলেও বিবাদীরা উপস্থিত হননি। এতে প্রমাণ হয়, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবশ্যকতা নেই। দুই বিবাদীর বিরুদ্ধে অর্থঋণ আদালতে খেলাপি ঋণের অন্তত ১০টি মামলা চলমান। মামলাগুলোয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দাবি করা টাকার পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা।










