আগুন দেয়ার পাঁচদিন পর চলাচল শুরু করেছে বেনাপোল এক্সপ্রেস। রাজধানীর গোপীবাগে ৫ জানুয়ারি আগুন দেয়ার পর ট্রেনটির চলাচল বন্ধ ছিল। ১৪১ যাত্রী নিয়ে গতকাল বেলা ১টার দিকে ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে ঢাকার যাত্রী রয়েছেন ৫৫ জন।
বেনাপোল রেলস্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান জানান, পাঁচদিন পর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে। গতকাল সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও ট্রেনটি চালু করা হয়েছে। বেলা ১টার দিকে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসার কথা রয়েছে। পৌঁছবে আজ সকাল ৭টায়।
যাত্রীরা জানান, পাঁচদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় তাদের অনেক সমস্যা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মনে মনে ভয় কাজ করলেও ট্রেন ভ্রমণ অনেক আরামদায়ক ও স্বল্প খরচ। তাই ট্রেনে যাচ্ছেন তারা।
এর আগে ৫ জানুয়ারি রাত ৯টার দিকে চলন্ত অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্ত। এ ঘটনায় চারজন মারা গেছেন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। তাদের অবস্থাও ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলো চেনার উপায় নেই। মরদেহের পরিচয় জানতে পারেননি স্বজনরা। চারটি মরদেহের দাবিদার স্বজনের ডিএনএ নমুনা নিয়ে সিআইডির ফরেনসিক বিভাগ কাজ করছে। পরিচয় শনাক্তের পর হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।










