বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে চার হাজার আনসার সদস্যের নামে মামলা হয়েছে। এর মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ১১৪ জনের। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৯৫ আনসার সদস্য। সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি জানান, রোববার দাবি আদায়ে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা সচিবালয় অবরুদ্ধ করে ফেলে। এতে সরকারি কর্মকর্তাসহ অনেকে ভেতরে আটকা পড়েন। এ পর্যন্ত তিন শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে আছেন। তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিলসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিষয়টি ফেসবুক পোস্টে জানালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যান। সেখানে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। একপর্যায়ে দুই পক্ষের সংঘাতে বেশ কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা তাদের অবস্থান জোরদার করলে আনসার সদস্যরা সরে দাঁড়ান।