রাজধানীর তেজগাঁও সরকারি কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের জড়িতের অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি করা হয়েছে। এ কমিটিতে রয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহির রায়হান আহমেদ এবং হাসান আল আরিফ।

আজ বৃহস্পতিবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এ কমিটি গঠন ও ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তেজগাঁও সরকারি কলেজের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ তদন্তে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহির রায়হান আহমেদ এবং হাসান আল আরিফের নেতৃত্বে দুই সদস্যের কমিটি করা হলো। এ কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হলো।

গত ৬ ডিসেম্বর রাতে কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর ধাক্কাধাক্কি থেকে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়। রানার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। পরে তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে আজ সকালে কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে ফার্মগেটসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। সড়কে তীব্র যানজট তৈরি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, শিক্ষার্থীরা যে দাবিতে রাস্তায় নেমেছিল, তাদের দাবি মেনে নেয়া হয়েছে। ঘটনাস্থলে আজ কলেজের অধ্যক্ষ নিজে এসেছিলেন। কলেজের অধ্যক্ষ ও পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বাস দেয়া হয়, রানা হত্যার সঙ্গে যারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া কলেজ কর্তৃপক্ষ তাদের আশ্বাস দেয়, তাদের ক্যাম্পাসের ভেতরের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধান করা হবে।

এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে রাস্তা ছেড়ে চলে যায়।