পাশাপাশি তিনজনকে আটক করে পুলিশে দেয় রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সদস্য সচিব আ ন ম আয়াসের নেতৃত্বাধীন একটি দল। আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের অর্ণব দাস, দিনাজপুরের নিপু মিয়া ও রিকশাচালক আলমাস।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুর ১২টার দিকে রিকশায় করে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসেন রিকশাচালক আলমাস। এ সময় আয়াসের নেতৃত্বাধীন সাত-আটজন তরুণ তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে আলমাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, ‘আলমাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাকে নিরাপদে রাখা হয়েছে।’
এর আগে দিনাজপুরের নিপু মিয়াকেও মারধর করা হয়। এছাড়া ফুল দিতে আসা অর্ণব দাসকেও আটক করে পুলিশে দেয়া হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘অর্ণব সেখানে ফুল দিতে এসেছিলেন। তার বাড়ি টাঙ্গাইলে। নিরাপত্তার স্বার্থে আমরা তাকে আটক করেছি। আমরা এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছি।’
এ বিষয়ে আয়াস বলেন, ‘আওয়ামী লীগকে নরমালাইজড করতে দেয়া হবে না।’
এদিকে আটক অর্ণব দাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গতকাল বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবী লিটন মিয়া ও ডি কে গায়েন টিটোসহ অনেকেই তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।










