চলতি ২০২১-২২ রবি মৌসুমে রাজশাহীতে টমেটোর ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৬ হাজার টন। আবাদ করা হবে ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এরই মধ্যে জেলার ৩ হাজার ৫১৭ হেক্টর জমিতে টমেটো চাষ সম্পন্ন হয়েছে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে গোদাগাড়ী উপজেলায়। ওই এলাকার চাষীরা ২ হাজার ৯৬০ হেক্টর জমিতে টমেটো আবাদ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কিছু কিছু এলাকায় এরই মধ্যে টমেটো সংগ্রহ শুরু হয়েছে। তবে পুরোদমে টমেটো উঠবে আরো কিছুদিন পর। মৌসুমের শুরুতে ভালো দাম পেয়ে খুশি চাষীরা।
টমেটো চাষীরা জানিয়েছেন, উপজেলায় অন্তত ৩৬ জাতের টমেটো চাষ হয়েছে। অনেকেই নিজের জমিতে চাষ করেছেন। কেউ অন্যের জমি লিজ নিয়ে টমেটো চাষ করেছেন।
স্থানীয়রা জানান, জেলার মধ্যে সবচেয়ে বেশি টমেটো হয় গোদাগাড়ীতে। সবচেয়ে বড় পাইকারি মোকাম হেলিপ্যাডও এখানেই অবস্থিত। উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় মোকামে মৌসুমজুড়ে চলে টমেটো কেনাবেচা। প্রতি মৌসুমেই অন্তত কয়েক কোটি টাকার বাণিজ্য হয় টমেটোর।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কেজে এম আব্দুল আউয়াল জানান, আউশ ধান কেটে নেয়ার পর টমেটো চাষ শুরু হয়। এটা মূলত বর্ষাকালীন টমেটো। প্রায় ৩৬ জাতের টমেটো চাষ হয় এখানে। এর একটিও আমাদের দেশীয় নয়, সবই হাইব্রিড। অন্য যেকোনো মাঠ ফসলের তুলনায় টমেটো চাষ অত্যন্ত লাভজানক।
জেলা কৃষি দপ্তরের তথ্য বলছে, ২০২০-২১ মৌসুমে ৩ হাজার ৬৬০ হেক্টর জমিতে ৬৬ হাজার ৩৭৫ টন টমেটো উৎপাদন হয়। ২০১৯-২০ মৌসুমে সর্বনিম্ন ২ হাজার ৯২৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছিল। ওই বছর উৎপাদন হয় ৬৬ হাজার ৩২৬ টন।










