রাজশাহীর বাগমারায় বেড়াতে এসে উত্তম বিশ্বাস (৪০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার নীলকান্ত বিশ্বাসের ছেলে। এক বছরের ভ্রমণ ভিসায় গত ২১ অক্টোবর তিনি বাংলাদেশ আসেন।

গতকাল শুক্রবার ভোর ৩টার দিকে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেওখালি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বাংলাদেশে এসে বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেওখালি এলাকায় সাইফুল ইসলাম নামে একজনের বাড়িতে ওঠেন উত্তম। ওই বাড়িতেই তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠিয়েছে।

বাগমারার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবার রাতে বাড়ির পাশের মুরগির খামার সংলগ্ন ঘরে উত্তমকে নিয়ে ঘুমিয়ে ছিলেন সাইফুল। সেখানেই মারা যান উত্তম। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এসআই আব্দুর রাজ্জাক আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় উত্তমের মৃত্যু হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।