বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য আরো সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। ইমরান হায়দারের দায়িত্বকালে উভয় দেশ নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগভিত্তিক ব্যবসার সুযোগ অনুসন্ধান করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

রোববার (২৮ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচল খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষামূলক ও চিকিৎসা বিনিময় কার্যক্রম জোরদার করে দক্ষিণ এশিয়ার এ দুদেশের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়ে আলোচনা করেছেন। সাক্ষাতকালে প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের হাইকমিশনার জানান, গত বছরের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্যে ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং উভয় দেশের ব্যবসায়ী মহল নতুন বিনিয়োগ সম্ভাবনা সক্রিয়ভাবে অনুসন্ধান করছে।

তিনি আরো বলেন, সম্প্রতি সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চিকিৎসাবিজ্ঞান, ন্যানোপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগে বাংলাদেশী শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।

ইমরান হায়দার জানান, লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য পাকিস্তানের শীর্ষস্থানীয় হাসপাতালে রোগী যাতায়াত বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রসংক্রান্ত চিকিৎসা প্রশিক্ষণ ও একাডেমিক সুযোগ দিতে পাকিস্তান প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুদেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান এবং সফর বৃদ্ধি, পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক, শিক্ষামূলক ও জনগণ-থেকে-জনগণের যোগাযোগ জোরদারের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য আরো সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, ইমরান হায়দারের দায়িত্বকালেই উভয় দেশ নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগভিত্তিক ব্যবসার সুযোগ অনুসন্ধান করবে।

পাকিস্তানের হাইকমিশনার জানান, ঢাকা–করাচি সরাসরি বিমান চলাচল আগামী জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।