দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শণ করেন তিনি। এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে পলিথিন ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন পলিথিনের ব্যবহার পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপর্যয় ডেকে আনছে। কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন গোপনে তৈরী করে বাজারজাত করে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম অব্যহত রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আইন শুধু বইয়ে থাকলে চলবে না, মাঠে তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এরইমধ্যে নির্দেশ দিয়েছি, তারা যেন পলিথিন বিরোধী অভিযান জোরদার করে। তবে একমাত্র জনসচেতনতাই পারে এই কাজকে দীর্ঘস্থায়ী ও কার্যকর করে তুলতে। এই কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানানো হচ্ছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।










