গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ৩৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
গতকাল দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘণ্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জন এবং বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৩।
একই সময়ে করোনায় আক্রান্ত হওয়া ৩৮৮ জনকে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৮৪। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২১ হাজার ১৯২ জন। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ৮৩ জন, পটুয়াখালীতে ৮৯, ভোলায় ১৩৭, পিরোজপুরে ৩১, বরগুনায় ৩২ ও ঝালকাঠিতে ২৬ জন।










