রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জেলার চারঘাট এবং মোহনপুরে এই সব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী নগরীর কাজলা এলাকার বুলবুল আহমেদের ছেলে সিয়াম আহমেদ (১৮), জেলার বাঘা উপজেলার হেলালপুরের মৃত নইমুদ্দিনের ছেলে মাজদার রহমান (৫৫) এবং মোহনপুর উপজেলার হাটরা গ্রামের তজের মন্ডলের ছেলে আসাদুল ইসলাম (৩৮)।

এদের মধ্যে মোটরসাইকেল আরোহী সিয়াম আহমেদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ভ্যানচালক মাজদার রহমান। চারঘাটের বাদুড়িয়ায় দুর্ঘটনা ঘটে। এছাড়া মোহনপুরের হাটরা এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় মারা গেছেন আসাদুল ইসলাম। তিনি একটি অটোরিকশার যাত্রী ছিলেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, চারঘাটের তালতলা-রাজশাহী বিশ্ববিদ্যালয় সড়কের বাদুড়িয়া এলাকায় বিপরীতগামী মোটরসাইকেলের সাথে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান চালক মাজদার রহমান।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর মারা গেছেন মোটরসাইকেল আরোহী সিয়াম আহমেদ। এই ঘটনায় আরো কয়েকজন ভ্যানযাত্রী আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের হাটরা এলাকায় থেমে থাকা অটোরিকশাকে চাপা দেয় বালুবাহী ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহী আসাদুল ইসলাম। দুর্ঘটনায় আরো চার যাত্রী আহত হন। তাদের রামেক হাসপাতালে নেয়া হয়।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে গেছেন চালক ও তার সহকারী। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।