আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক সই করা চিঠি থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে এরইমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থিদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের আপিল শুনানি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি প্রচার প্রচারণা শুরু হবে।
প্রতীক বরাদ্দের পর হতে দেশ এবং দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা ভোটাররা ভোট দেয়া শুরু করবেন।










