রাঙ্গামাটিতে এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় দুই আসামির সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বুধবার দুপুরে বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এ রায় দেন।

 

আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪) (খ) ধারার অপরাধে, মামলার প্রথম আসামি অটোরিকশা চালক মো. সাখাওয়াত হোসেনকে (২৮) এক লাখ টাকা জরিমানাসহ আট বছরের সশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। অনাদায়ে তাকে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

 

মামলার অপর আসামি মো. শাহজাহান উদ্দীন প্রকাশ শাহীন আলমকে (২২) ৫০ হাজার টাকা জরিমানাসহ পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

 

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সাখাওয়াত হোসেন ও শাহীন আলম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১২ নম্বর পূর্বকোদালা ইউনিয়নের সিংহঘোনা গ্রামের বাসিন্দা।

 

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২০ অক্টোবর ভিকটিম কলেজছাত্রী রাজস্থলী থেকে কাপ্তাই যাওয়ার জন্য গাড়িতে চড়েন। এরপর বাঙ্গালহালিয়া বাজার পৌঁছানোর পর আসামি সাখাওয়াত কলেজছাত্রীকে চন্দ্রঘোনা ফেরিঘাট নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গাড়ির চালকের আসনে ছিলেন আরেক আসামি শাহীন আলম। একপর্যায়ে ভিকটিম চলন্ত গাড়ি থেকে লাফ দিলে তার মাথা, কাঁধে ও হাটুতে আঘাত লাগে। ওই দিনই ভিকটিমের বাবা চন্দ্রঘোনা থানায় মামলা করেন।

 

এদিকে মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাঙ্গামাটির বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি। তিনি বলেন, বিজ্ঞ আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে।