ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিন শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরো ৫৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন ২০৩ জন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের বাকি চার সদস্য ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি জানায়, আজ মোট ৭০ টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৫৩ টি আপিল মঞ্জুর হয়েছে এবং ১৭টি নামঞ্জুর হয়েছে। নামঞ্জুর আপিলের মধ্যে বৈধ প্রার্থীর প্রার্থীতা বাতিল চেয়ে করা ২ টি আপিল খারিজ করা হয়।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন দিনে আপিল শুনানি শেষে মোট ১৫০ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে প্রথম দিন ৫১ জন (৫২টি মঞ্জুর হলেও ১টি ছিল বিপক্ষের আপিল), দ্বিতীয় দিন ৫৮ জন এবং তৃতীয় দিন ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।
এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এ আপিল শুনানি কার্যক্রম চলবে।










