অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ১৮ বলে ১০ রান করলেই সেমিফাইনাল! যদিও শেষ পর্যন্ত হলো না। তীরে গিয়ে তরী ডুবল ২০২০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবাদের। পাকিস্তানের কাছে তারা হারল ৫ রানে। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে গতকাল সুপার সিক্স পর্বের ম্যাচে পাকিস্তানকে ১৫৫ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর ৩৮.১ ওভারের মধ্যে ১৫৬ রানের টার্গেট ছুঁয়ে ফেলতে পারলেই চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠে যেত যুবারা। যদিও মাহফুজুর রহমান রাব্বীর দল ৩৫.৫ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে গেলে তাদের সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হয়।
একটি পর্যায়ে পেন্ডুলামের মতোই দুলছিল ম্যাচের ভাগ্য। প্রথমে বোলাররা বাংলাদেশকে দারুণ এক ভিত গড়ে দেয়। এরপর ১৫৬ রানের টার্গেটে ইতিবাচক সূচনা করে বাংলাদেশ। যদিও পেসম্যান উবাইদ শাহ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তিনি ৫ উইকেট শিকার করেন। ৩ উইকেট নিয়ে তাকে সুযোগ্য সঙ্গ দেন আলি রেজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ উইকেটটি নেন মোহাম্মদ জিশান। মারুফ মৃধাকে বোল্ড করে তিনিই পাকিস্তানের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন।
গতকালের এ ম্যাচের মধ্য দিয়ে সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হলো। আগেই সেমিতে ওঠে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এবার তাদের সঙ্গে যোগ দিল পাকিস্তান। ৬ ফেব্রুয়ারি বেনোনিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ভারত। একই ভেন্যুতে ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। বেনোনিতে ১১ ফেব্রুয়ারি ফাইনাল।
বোলাররা ভিত গড়ে দিলেও ব্যাটাররা পারেননি বাংলাদেশকে জেতাতে। পেসার রোহানাত দৌলা বর্ষণ (৪/২৪), স্পিনার শেখ জীবন (৪/২৪) ও মাহফুজুর রহমান রাব্বীর (১/২৭) অনবদ্য বোলিংয়ে পাকিস্তান ১৫৫ রানে গুটিয়ে যায়। পাকিস্তানের আরাফাত মিনহাস সর্বোচ্চ ৩৪ ও শাহজাইব খান ২৬ রান করেন।
১৬ দলের টুর্নামেন্টে চার গ্রুপের প্রতিটি থেকে তিনটি করে দল সুপার সিক্সে খেলেছে। সুপার সিক্স পর্বে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। দুই গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠল।
পাকিস্তানের সামনে ছিল সহজ সমীকরণ। তারা জিতলেই সেমিফাইনালে। আর বাংলাদেশ জিতলেই হতো না। এর সঙ্গে মেলাতে হতো কিছু সমীকরণ। কারণ বাংলাদেশের চেয়ে ২ পয়েন্ট বেশি ছিল পাকিস্তানের। রানরেটেও তারা এগিয়ে ছিল। পাকিস্তানের রানরেট ছিল ১.০৬৪ আর বাংলাদেশের ০.৩৪৮।
বাংলাদেশের যুবারা ৩৮.১ ওভারের মধ্যে ১৫৬ রানের টার্গেট ছুঁয়ে ফেললেই নিট রানরেটে পাকিস্তানকে টপকে যেত এবং পেত শেষ চারের টিকিট। কিন্তু রাব্বীর দল পারল না। পাকিস্তানের পেস বোলার উবাইদ শাহ ৪৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪০.৪ ওভারে ১৫৫ (আরাফাত ৩৪, শাহজাইব ২৬; বর্ষণ ৪/২৪, জীবন ৪/২৪)। বাংলাদেশ: ৩৫.৫ ওভারে ১৫০ (শিহাব জেমস ২৬, বর্ষণ ২১*; উবাইদ ৫/৪৫, আলি রেজা ৩/৪৪)। ফল: পাকিস্তান ৫ রানে জয়ী। ম্যাচসেরা: উবাইদ শাহ (পাকিস্তান)।










