সরকার ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে। এ-সংক্রান্ত গেজেট ২৪ ডিসেম্বর প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জারি করা গেজেটে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন, ২০২২-এর ৬(গ) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর শিডিউল ‘এ’ (অ্যালোকেশন অব বিজনেস)-এ প্রদত্ত ক্ষমতাবলে জামুকার ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।
জামুকা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সনদ নিয়েছিলেন। শুধু তা-ই নয়, তারা সরকার প্রদত্ত সব সুযোগ-সুবিধাও গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে অধিকতর যাচাই-বাছাই শেষে তাদের ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়। বাতিল হওয়া তালিকায় বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তি মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।










