দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। ঢাকা, গাজীপুর, গাইবান্ধা, গোপালগঞ্জ ও কক্সবাজারে গতকাল এবং আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর: জেলার শ্রীপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পড়ে মাফিজ মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল ভোরে মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা পুকুর পাড় ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাফিজ মন্ডল (৬৫) শ্রীপুরের শৈলাট গ্রামের গোলাম মওলার ছেলে। তার ভাতিজা রফিকুল ইসলাম জানায়, মাফিজ মন্ডল তিনদিন আগে ঢাকার একটি শোরুম থেকে নতুন একটি প্রাইভেট কার কেনেন। গাড়ি কেনার আংশিক লেনদেন ও কিছু কাজ বাকি ছিল। গতকাল ফজরের নামাজ শেষে নতুন কেনা প্রাইভেট কার নিয়ে বাড়ি থেকে রওনা দেন। কিছুদুর যাওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে গাড়ির জানালা ভেঙে মাফিজ মন্ডলকে মৃত অবস্থায় ও চালক রুবেলকে আহতাবস্থায় উদ্ধার করে। চালক রুবেল হাসপাতালে চিকিৎসাধীন। মাওনা ফাঁড়ির ইনচার্জ মিন্টু শেখ বলেন, ‘পরিবারের অনুরোধে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’ 

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় মাহফুজা আক্তার সিমা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পেছনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে কয়েকজন শিশু রাস্তার পাশে খেলা করছিল। একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া মাটিবোঝাই একটি ট্রাক্টর পেছন দিক দিয়ে মাহফুজাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুন্দরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে মাহফুজা স্থানীয় একটি স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পেয়ে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। 

ঢাকা: রাজধানীর হাতিরঝিল ও কাকরাইলে বুধবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুজন। তাদের মধ্যে মোটরসাইকেল আরোহী জাসিদুল মিয়া জাহিদ (২৪) কুনিপাড়ায় একটি গাড়ির ধাক্কায় নিহত হন। আর পথচারী মোখলেসুর রহমান (৭৫) মারা যান কাকরাইল মোড়ে বাসের ধাক্কায়। পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১২টার দিকে জাহিদ ও তার সহকর্মী সৌরভকে হাসপাতালে আনা হলে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। সৌরভ হাসপাতালে চিকিৎসাধীন। জাহিদ ও সৌরভ তেজগাঁওয়ের সাতরাস্তায় একটি ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে কুনিপাড়ায় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। 

কাকরাইল মোড়ে বাসের জন্য অপেক্ষার সময় পেছন থেকে ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় নিহত হয়েছেন পথচারী মোখলেসুর রহমান (৭৫)। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। 

গোপালগঞ্জ: জেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ বাসযাত্রী। তাদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া থানার সায়মা বেগম (৩০) ও রূপসা থানার মিজান শেখ (২৫)। আহতরা হলেন সাতক্ষীরার প্রসেনজিৎ বিশ্বাস, বাগেরহাটের তরিকুল, গোপালগঞ্জের ফেরদৌস, নারায়ণগঞ্জের রিফাত ও গোপালগঞ্জ সদরের মুরাদুল ইসলাম। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সোনাশুরে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন। 

কক্সবাজার: জেলার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ জাহেদ (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপে এ দুর্ঘটনা ঘটে।