বাগেরহাটে নিষিদ্ধ
ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে
বাগেরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে
এই রায় দেন। একই সঙ্গে ৬ আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।
দণ্ডাদেশ প্রাপ্তরা
হলেন বাগেরহাটের আকাশ মোল্লা, পিরোজপুরের কবিরুল ইসলাম, মিজানুর রহমান, জহিরুল
ইসলাম , সাতক্ষীরার মাকসুদুর রহমান, মোরশেদ আলম, সাইফুল ইসলাম এবং বাগেরহাটের তরিকুল ইসলাম
এদের মধ্যে আকাশ
মোল্লা, কবিরুল ও মিজানুর রহমানকে ৮ বছর , জহিরুল ইসলাম, মাকসুদুর রহমান ও মোর্শেদ আলমকে ৫ বছর এবং সাইফুল ইসলাম ও তরিকুল ইসলামকে ২ বছর করে কারাদণ্ড দেয়া
হয়। এছাড়া সাইফুল ইসলাম ও তরিকুল ইসলাম ছাড়া অন্য সবাইকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড
দিয়েছেন আদালত।
মামলার বিবরণে
জানা যায়, ২০১৬ সালের ২৫ অক্টোবর রাতে সরকারবিরোধী নাশকতা সৃষ্টি ও হত্যার উদ্দেশ্যে
জেলার কচুয়া উপজেলার খলিশাখালী এলাকার সাফায়েত শেখের বাগানে পরিত্যক্ত টিনের ঘরে অবস্থান
নেয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। তখন জেএমবি
সদস্যরা পুলিশকে লক্ষ করে বোমা ছোড়ে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জবাবে পুলিশও পাল্টা
গুলি ছুড়ে। এক পর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ
থেকে পিস্তল, চারটি হাত বোমা, শর্টগানের গুলি, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটারের হার্ডডিক্স
ও সংগঠনটির জিহাদি বই জব্দ করে পুলিশ। পুলিশ তদন্ত শেষে ৮ জনকে অভিযুক্ত করে ২০১৭ সালের
১১ মে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার ১৩ জনের সাক্ষীরা সাক্ষ্য শেষে আদালত এই রায়
ঘোষণা করে।
মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী আইনজীবী মো. শহিদুজ্জামান বলেন, সরকার বিরোধী নাশকতা সৃষ্টি ও হত্যার উদ্দেশে একত্রিত হওয়ার মামলায় সাক্ষী প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন। এদের মধ্যে ৬ জনকে আর্থিক দণ্ডও দেয়া হয়েছে। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন এই আইনজীবী।










