ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া কলাপাড়া গ্রামের ইজিবাইকচালক সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৮) গতকাল সকালে মেয়ে সুপ্তি ও তিন বছর বয়সী ছেলে সানিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বেলা ২টার দিকে পরিবারের লোকজন খবর পায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে রেললাইনের কাছে মা ও ছেলের মরদেহ পড়ে আছে। নিহতের স্বামী ঘটনাস্থলে এসে তাদের শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইয়াসমিন আক্তার (৩২) ও ছেলে সানির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মেয়ে সুপ্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত সুপ্তি স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

ময়মনসিংহে রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু এবং মেয়ে আহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।