যশোরে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার (ভিএমসিসি) স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক। খামারে উৎপাদিত দুধ বিক্রির জন্য ঝিকরগাছায় এ সেন্টার ‘ডেইরি হাব’ হিসেবে ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। এখানে খামারিরা সরকার নির্ধারিত দামে দুধ বিক্রি করতে পারবেন। পাশাপাশি এখানে দুধ প্রিজারভেশন করা হবে।

গতকাল বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ডা. মো. রাশেদুল হক। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বেলা ১১টায় প্রাণিসম্পদ দপ্তর থেকে শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান।

সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক জানান, যশোর জেলায় বছরে দুধের চাহিদা রয়েছে ২ লাখ ৫২ হাজার টন। সেখানে উৎপাদন হয় ২ লাখ ৪০ হাজার টন। অর্থাৎ জেলায় বছরে দুধের ঘাটতি মাত্র ১২ হাজার টন। অন্যদিকে দেশে বছরে দুধের চাহিদা রয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টন। এর বিপরীতে উৎপাদন হয় ১ কোটি ৪০ লাখ ৬৮ হাজার টন। অর্থাৎ দেশে বছরে প্রায় ১৮ লাখ টন দুধের ঘাটতি রয়েছে। এজন্য তিনি আরো বেশি দুধ উৎপাদনে খামারিদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি ন্যায্যমূল্যে দুধ বিক্রির জন্য ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের উদ্যোগের কথাও জানান।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন অর রশিদ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের উপপরিচালক মো. বখতিয়ার হোসেন।