প্রবল স্রোতের চাপে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ভাঙন দেখা দেয়ায় সড়কটির যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুধু এ সড়কই নয়, জেলার ভূঞাপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে যমুনার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। আকস্মিক ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা।
পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ব্যবস্থা নেন।
সরজমিনে দেখা যায়, গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া এলাকায় যমুনার পানির তীব্র চাপে সড়ক-কাম-বাঁধ হিসেবে ব্যবহৃত ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে বড় ধরনের ফাটল ও ভাঙন সৃষ্টি হয়েছে। নদীর স্রোত কমাতে সড়কের পাশে গাছের বড় বড় গুঁড়ি নদীতে ফেলা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, সড়কটি সম্পূর্ণ ভেঙে গেলে গোপালপুরসহ আশপাশের আরো তিনটি উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হতে পারে।
টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন বলেন, ‘যমুনার পানির তীব্র চাপে আঞ্চলিক মহাসড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়ার পর পরই ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা শুরু হয়েছে।’ তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত অংশে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে।
পাউবো সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর, কালিহাতী, ভূঞাপুর ও নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে যমুনা নদীর তীরভাঙন অব্যাহত রয়েছে। এছাড়া বাসাইল ও মির্জাপুর উপজেলার ঝিনাই ও বংশাই নদীতেও ভাঙন দেখা দিয়েছে। কয়েকটি স্থানে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা এখনো অপ্রতুল বলে জানিয়েছে সংস্থাটি।










