কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ মে) বেলা ১১টায় সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিথুন মিয়া (২৮) ও একই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪)। এ ঘটনায় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন সুতিয়ারা গ্রামের ইকরাম (১০), মেড্ডা এলাকার সিএনজি চালক এমরান (২৮), মনির (৩০)। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খাটিহাতা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই মৃনাল কান্তি জানান, সরাইল বিশ্বরোড থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় পেছন দিক থেকে আরো একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। এ ঘটনায় পিকআপ ও অটোরিকশা আটক করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।