সুন্দরবনের চরাপুটিয়া খাল থেকে ট্রলারসহ ১৮ কোটি ৬১ লাখ টাকা মূল্যের বিদেশী কাপড় ও জুতা জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা। কাপড়গুলো শুল্ক ফাঁকি দিয়ে নদীপথে বাংলাদেশে আনা হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি কোস্ট গার্ড সদস্যরা। কোস্ট গার্ডের পক্ষ থেকে এ বিষয়ে মামলা দায়ের করে জব্দকৃত কাপড় ও জুতা মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ১২ মার্চ বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের হারবাড়িয়ার চরাপুটিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রলারে তল্লাশি করে ১৪ হাজার ৩৭৭ পিস বিদেশী শাড়ি, ১ হাজার ৩০৩ পিস লেহেঙ্গা, ৩৯৬ পিস থ্রি-পিছ এবং ৪৭৫ জোড়া জুতা জব্দ করা হয়।










