ঢাকায় সফররত ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ানা নাসির বলেছেন, আমরা আগামীর ইন্দোনেশিয়া-বাংলাদেশ যৌথ বিনিয়োগের উদ্যোগ নিতে এখানে এসেছি। এ সময়ে আমি ইন্দোনেশিয়ার বাণিজ্য চেম্বারগুলোর সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের আহ্বান জানাচ্ছি, যা ব্যবসায়ীদের মধ্যে গভীর সহযোগিতা নিশ্চিত করবে।
রোববার (১ জুন) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বিজনেস গ্যাদারিং অ্যান্ড নেটওয়ার্কিং ডিনারে’ প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। তার সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার দূতাবাস ও বাংলাদেশ ইন্দোনেশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামরুস সোবহানের সভাপতিত্ব করেন।
এ সময় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার তৈরি ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক ও উদ্ভাবনী শক্তিতে পরিণত করার আহ্বান জানান আরামানথা ক্রিস্টিয়ানা নাসির। তিনি বলেন, গার্মেন্টস, টেক্সটাইল থেকে প্রযুক্তি, কৃষি থেকে সবুজ শক্তি সব খাতে আমরা একে অপরের প্রবৃদ্ধিতে বিনিয়োগ করতে পারি।
তিনি আরো বলেন, ব্যবসা শুধু কাগজে-কলমে নয়। এটি বিশ্বাস, নেটওয়ার্ক ও মানুষে মানুষে সম্পর্কের ওপর দাঁড়িয়ে করতে হয়। আজকের এই আয়োজন সেই সম্পর্ক গঠনের বড় সুযোগ।










