গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে শুধু সরকারি চাকরিতে যেতে হবে এমন নয়। কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা, শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।’
এলজিআরডি মন্ত্রী জানান, কৃষিতে যারা পড়ালেখা করেন, তারা মাটির মানুষ ও দেশপ্রেমিক। তাদের শরীর থেকে মাটির গন্ধ পাওয়া যায়। শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে বলেও শিক্ষার্থীদের প্রস্তুত হতে বলেন তিনি।
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, এগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নতুন ভর্তীকৃত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম।
তিনি বলেন, ‘দেশের কৃষি খাতের অপার সম্ভাবনা কাজে লাগিয়ে তরুণরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।’
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতির ভিত্তি একেবারেই ভেঙে দিয়েছে। প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে ফেলা হয়েছে। এসব সংকট থেকে উত্তরণের মধ্য দিয়ে সরকার দেশ মেরামত করে এগিয়ে নেবে। সরকারের মূল পরিকল্পনা এ ভঙ্গুর অর্থনৈতিক ও সামাজিক কাঠামো পুনর্নির্মাণ করা।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশে চার কোটি শিক্ষিত বেকার যুবক, একটা পদের জন্য পাঁচ-ছয় লাখ আবেদন আসে। এ সমস্যা রাতারাতি শেষ করা যাবে না। তাই পরিকল্পনা অনুযায়ী কাঠামো সাজাতে হবে। অর্থাৎ কীভাবে অর্থনৈতিকভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা যায়, এসব সেক্টরে সরকার এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বক্তব্য দেন। শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।










