আত্মসমর্পণের উদ্দেশ্যে নিজেকে ‘জঙ্গি’ দাবি করে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেছেন এক তরুণ। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার।
এ বিষয়ে বিস্তারিত তথ্যে বলা হচ্ছে, ২০২২
সালের ২৭ ডিসেম্বর কুমিল্লার বাড়ি থেকে পালিয়ে যান ওই তরুণ।
টাকা-পয়সা চুরি করে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল
শরক্বীয়া’য় যোগ দেয়ার জন্য ঘর ছাড়েন তিনি। এরপর রাজধানীর বসুন্ধরা এলাকা, উত্তরখান
ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণ গ্রহণের জন্য তার কক্সবাজার যাওয়ার
কথা ছিল। পরে ভুল বুঝতে পেরে পালিয়ে যান।
একপর্যায়ে উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির
আশ্রয় লাভ করেন তিনি। স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও ভয় পাচ্ছিলেন এই ভেবে, সশস্ত্র
দলটির সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন।
আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে আজ দুপুর পৌনে
বারোটার দিকে ৯৯৯ নম্বরে ফোন করেন। কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের এডিসি
ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান জয় বিশ্বাস।
সংবাদ পেয়ে পুলিশের একটি দল কলারের বর্ণনামতে
দ্রুত উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকায় যান। পরে ২৬ বছর বয়সী তরুণকে উদ্ধার করে থানায়
নিয়ে যান। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










