বিয়েতে রাজি না হওয়ায় অপহরণের উদ্দেশ্যে এক কলেজ ছাত্রীর পরিবারের ৪ সদস্যকে অচেতন করার অভিযোগে ইমন মোল্লা (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মূল হোতা উজ্জ্বল ঢালীকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বাগেরহাটের মোল্লাহাটে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, মোল্লাহাট উপজেলার পদ্মডাঙ্গা গ্রামের বলাই ঢালীর ছেলে উজ্জ্বল ঢালী বছরখানেক ধরে ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব পাঠালে ছাত্রীর পরিবার প্রত্যাখ্যান করে। গত ২৯ জানুয়ারি শুক্রবার স্থানীয় শরিফুলের দোকানে হালখাতা অনুষ্ঠানে বাকি থাকা ১৪০ টাকা দিতে যান ওই ছাত্রীর মা ও ছোট ভাই। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উজ্জ্বল ঢালী ও তার সহযোগী ৫ জন মিলে হালখাতার বিরিয়ানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ওই ছাত্রীর মায়ের হাতে খাবার দেন। বাড়িতে এসে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন কলেজ ছাত্রীর বাবা ছাড়া পরিবারের সবাই।এসময় এক প্রতিবেশী গৃহকর্তাকে খুঁজতে এসে ঘরের মধ্যে এলোমেলোভাবে পড়ে থাকা চারজনকে দেখতে পেয়ে কলেজছাত্রীর বাবাকে ফোন দিলে তিনি এসে পরিবারের সবাইকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চারদিন পরে সুস্থ হয়ে গতকাল মঙ্গলবার রাতে বাড়ি ফিরে উজ্জ্বল ঢালী, ইমন মোল্লাসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন কলেজ শিক্ষার্থীর বাবা। আজ বুধবার ইমন মোল্লাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে মোল্লাহাট থানা পুলিশ।
মামলার মোল্লাহাট থানার এসআই ঠাকুর দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসামিদের পরিকল্পনা ছিল চেতনানাশক খাইয়ে সবাই ঘুম পাড়িয়ে রেখে কলেজ শিক্ষার্থীকে অপহরণ করার। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আমরা এক আসামিকে গ্রেফতার করেছি।অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।










