বগুড়ার শাজাহানপুর উপজেলায় যমুনা গ্যাস সিলিন্ডার কোম্পানিতে সিলিন্ডারের লিকেজ চেক করতে গিয়ে অসাবধানতাবশত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

নিহত শ্রমিকের নাম আবু বক্কর(৫২)। তিনি শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক(এজিএম-প্লান্ট) মো. জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকালে আবু বক্কর কারখানায় সিলিন্ডারে হাওয়া ভরানোর ইয়ার ফিলিং মেশিন চালু করতে যান। তিনি সিলিন্ডার নিউমেটিক টেস্ট যন্ত্রের(পানি দিয়ে সিলিন্ডারের লিকেজ পরীক্ষা) কাছে মাথা রেখে ইয়ার ফিলিং যন্ত্রটির সুইচ অন করতে যান। কিন্তু ভুলবশত সিলিন্ডার নিউমেটিক টেস্ট যন্ত্রের সুইচ অন করে বসেন। সঙ্গে সঙ্গে যন্ত্রের জগের চাপ লেগে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। 

তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার শাজাহানপুর থানার পরিদর্শক(তদন্ত) নান্নু খান জানান, এই ঘটনায় মৃতের পরিবার থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।