আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে এসে দুইদিন পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । তিনি (তারেক রহমান) আগামী শনিবার ভোটার কার্ড হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন।

সোমবার (২২ ডিসেম্বর) সিইসির সঙ্গে দেখা করতে কমিশনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটি জানিয়েছেন তিনি।

বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

জানা যায়, আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও প্রার্থী হতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন করতে হবে। তারেক রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা করতে সিইসির সঙ্গে বৈঠক করতে এসেছেন বিএনপি নেতারা।