সরকারের ভর্তুকি দামে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় বগুড়ায় দেড় লক্ষাধিক পরিবারের মাঝে কম দামে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এ সময় বগুড়ার পৌর মেয়র রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, প্যানেল মেয়র আলহাজ শেখ উপস্থিত ছিলেন।

একই সময়ে শহরের দত্তবাড়ীতে ৩নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিক্রি করা হয়। জেলার ১২টি পৌরসভা ও ১২টি উপজেলায় শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল ও ২০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন।

জেলার ১২টি উপজেলায় ১ লাখ ৬৩ হাজার ২০০ পরিবার টিসিবির পণ্য পাবেন। এর মধ্যে বগুড়া পৌর এলাকায় ১৯ হাজার ৩৮৪ জন সুবিধাভোগী রয়েছেন।

জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন, প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে পণ্য ক্রয়ের ব্যবস্থা করেছেন। বরাবরের মতোই শোকাবহ আগস্ট মাসেও এ পণ্য বিক্রি করা হচ্ছে, যা অব্যাহত থাকবে বলে তিনি জানান।