পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, একটা সময় ছিল বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে দেশ পরিচালনা করত, এখন অন্য দেশকে তা দেয় বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ শ্রীলংকাকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে, নাইজেরিয়াকেও ঋণ দিয়েছে।

গতকাল দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী কর্মহীন মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ব্যক্তিগত তহবিল থেকে ৬০ জন নারীকে সেলাই মেশিন দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আনিচুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সহসভাপতি জোবায়ের আলম জিন্না প্রমুখ।